সংসদ সদস্যের বক্তব্যে উঠে আসে, সড়কপথের দীর্ঘসূত্রতা এখন শুধু যাতায়াতের দুর্ভোগে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে চিকিৎসাসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চা শিল্প এবং আন্তর্জাতিক যোগাযোগের ওপরও। বিশেষ করে সিলেট বিভাগের চার জেলার মানুষের জন্য ঢাকা যাতায়াত ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।
ঢাকা–সিলেট মহাসড়কের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে আছে। ছয় লেনে উন্নীত করার প্রকল্পের বিভিন্ন অংশে সড়ক খোঁড়াখুঁড়ি, ডাইভারশন ও নির্মাণকাজ চলায় যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এর সঙ্গে যুক্ত হয়েছে ধুলাবালির ভোগান্তি।
সংসদে এমরান আহমদ চৌধুরী বলেন, আগে চার থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে সিলেটে পৌঁছানো গেলেও এখন লাগছে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।
এই দীর্ঘ যাত্রার সবচেয়ে উদ্বেগজনক দিক জরুরি রোগীদের দুরবস্থা। উন্নত চিকিৎসার জন্য যাদের ঢাকায় যেতে হয়, তাদের অনেককে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে এই বিলম্ব স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
শিক্ষার্থী ও ব্যবসায়ীদেরও নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি কাজে ঢাকায় যাওয়া কিংবা ঢাকা থেকে সিলেটে ফেরার ক্ষেত্রে নির্ধারিত সময়ের ওপর আর ভরসা রাখতে পারছেন না যাত্রীরা।
সিলেটের সঙ্গে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের যোগাযোগও নিবিড়। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে যাতায়াতের জন্য ঢাকার বিমানবন্দর ব্যবহার করেন। কিন্তু মহাসড়কের যানজটের কারণে সময়মতো বিমানবন্দরে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংসদে এমরান আহমদ চৌধুরী বলেন, সড়কের দুর্ভোগে অনেক আন্তর্জাতিক যাত্রী নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না। এতে তাদের ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তার বক্তব্যে উঠে আসে, এই পরিস্থিতির প্রভাব পড়ছে সিলেটের পর্যটন ও চা শিল্পেও। পর্যটকদের যাতায়াত এবং চা শিল্পের পণ্য পরিবহন ব্যাহত হলে সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে
সড়কপথে যাতায়াতের সময় বেড়ে যাওয়ায় অনেক যাত্রী এখন রেলপথের দিকে ঝুঁকছেন। কিন্তু যাত্রীসংখ্যার তুলনায় বিদ্যমান আন্তনগর ট্রেনের সংখ্যা পর্যাপ্ত নয় বলে সংসদে উল্লেখ করেন এমরান আহমদ চৌধুরী।
ফলে ট্রেনের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ছে। অনেক সময় অতিরিক্ত যাত্রী ওঠায় নির্ধারিত আসনের বাইরে করিডরেও দাঁড়িয়ে বা ঝুঁকি নিয়ে ভ্রমণ করতে হচ্ছে যাত্রীদের।
অর্থাৎ সড়কের বিকল্প হিসেবে রেলপথ বেছে নিয়েও স্বস্তি পাচ্ছেন না যাত্রীরা। একদিকে মহাসড়কে দীর্ঘ যানজট, অন্যদিকে ট্রেনে আসনসংকট দুই মিলিয়ে ঢাকা–সিলেট পথে যাতায়াত এখন বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংসদে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়ে এমরান আহমদ চৌধুরী বলেন, এটি শুধু তার ব্যক্তিগত দাবি নয়; সিলেট বিভাগের ১৯ জন সংসদ সদস্যের পাশাপাশি এই অঞ্চলের সাধারণ মানুষেরও প্রত্যাশা।
মহাসড়কের উন্নয়নকাজ শেষ হতে আরও সময় লাগবে। এই দীর্ঘ সময়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে ঢাকা–সিলেট পথে বিশেষ ট্রেন চালু করা জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, রেলপথে অতিরিক্ত যাত্রীচাপ বিবেচনায় নিয়ে অবিলম্বে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিতে হবে।











মন্তব্য ০
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।